ফারহানা নিশো, দেশের সেরা উপস্থাপকদের মধ্যে অন্যতম একজন তিনি। দীর্ঘদিন টেলিভিশনে সংবাদপাঠিকা হিসেবে কাজ করেছেন। উপস্থাপনা, মডেলিং ও সংবাদপাঠ করার পাশাপাশি চ্যানেল ওয়ান ও বৈশাখী টিভির করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন ফারহানা নিশো।
এ ছাড়া গ্রামীণফোনের টেকনিক্যাল ডিভিশন ও ওয়ারিদ টেলিকমের প্রোজেক্ট ম্যানেজমেন্ট বিভাগে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। নতুন খবর হলো, ফারহানা নিশো একুশে টিভির অনুষ্ঠানপ্রধান হিসেবে যোগ দিয়েছেন।
তবে নতুন দায়িত্ব নিয়ে মোটেও বিচলিত নন ফারহানা নিশো; বরং উচ্ছ্বসিত তিনি। এর আগে যমুনা টিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে শেষ কাজ করেছেন ফারহানা নিশো।
ফারহানা নিশো বলেন, ‘দীর্ঘদিন ধরে মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমার। যেহেতু অনুষ্ঠানপ্রধান হিসেবে প্রথম কাজ করব, তাই আমাকে আরো বেশি এ বিষয়ে জানতে হবে। সবার দোয়া আর সহযোগিতা চাই।’
কী ধরনের অনুষ্ঠান দর্শককে উপহার দিতে চান—জানতে চাইলে ফারহানা নিশো বলেন, ‘নতুন কিছু উপস্থাপন করার ইচ্ছা রয়েছে। বাকিটা সময়েই বলে দেবে।’
কবে থেকে নতুন কর্মক্ষেত্রে কাজ শুরু করবেন? উত্তরে ফারহানা নিশো বলেন, ‘জানুয়ারির ২ তারিখ থেকে কাজ শুরু করব।’ তাহলে কি আপনি খবর পড়া ছেড়ে দিচ্ছেন? নিশোর জবার, ‘অনুষ্ঠানপ্রধান হলেও খবর পড়া ছাড়ব না। এটা চলতে থাকবে। উপস্থাপনাও নিয়মিত করব।’
এ মুহূর্তে ফারহানা নিশো গাজী টিভির ‘আজকের অনন্যা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন। উপস্থাপনা করতে বরাবরই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। অভিনয় করার অনেক প্রস্তাব এলেও অভিনয় করতে আগ্রহী হননি বলে তিনি জানান।
২০০৩ সালে এনটিভিতে সংবাদ পাঠিকা হিসেবে খবর পড়া শুরু করেছিলেন ফারহানা নিশো। এই পেশার প্রতি তাঁর সম্মান ও ভালো লাগা অনেক বেশি। তাই নতুন নতুন কাজে যুক্ত হলেও সংবাদপাঠ তিনি কখনই ছাড়বেন না বলে জানান।


