বুধবার ৪ নভেম্বর ২০২৬

কক্সবাজার সৈকতে ৬দিন সন্ধ্যার পর অনুষ্ঠান বন্ধ

coxs-bazar‘নিরাপত্তার কারণে’ কক্সবাজারে সমুদ্র সৈকতসহ সকল উন্মুক্ত স্থানে ৩১ ডিসেম্বর থেকে ছয়দিন আয়োজিত যেকোনো অনুষ্ঠান সূর্যাস্তের আগে শেষ করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। ওই সময়ের মধ্যেই সৈকতে ‘মেগা বিচ কার্নিভাল’ আয়োজন করছে প্রশাসন। এছাড়া প্রতিবছরের মতো এবারও যথারীতি ‘থার্টি ফাস্ট নাইট’ উদযাপিত হবে।

রোববার বিকাল সাড়ে ৪টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সভায় একথা জানানো হয়।

সভায় জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, পর্যটন বর্ষ ২০১৬ উপলক্ষে সৈকতে বিচ কার্নিভালের আয়োজন করা হয়েছে, যা ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত চলবে। একই সঙ্গে থার্টি ফাস্ট নাইট উপলক্ষে সৈকতে রয়েছে নানা আয়োজনও।
“কিন্তু নিরাপত্তার কারণে সৈকতের সকল ধরনের অনুষ্ঠান সন্ধ্যার আগেই শেষ করতে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা রয়েছে। তাই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”

জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পর্যটন বোর্ডের যুগ্ম সচিব নিখিল রঞ্জন দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ারুল নাসের, অতিরিক্ত জেলা প্রশাসক এ এফ এম আলাউদ্দিন খান, অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমদ হোসেন, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন