পাঁচ বছর বলিউডে কাজ করার পর অবশেষে নিজেকে বিখ্যাত মনে করছেন অভিনেত্রী জেরিন খান।
‘হেট স্টোরি ৩’ সিনেমার এই তারকা বলছেন, এই ছবিতে তার কাজের প্রশংসা করছেন অনেকে। যে প্রতিক্রিয়া পাচ্ছেন তাতে তিনি নিজেই অবাক।
জেরিন বলেন, প্রত্যেকেই দেখি ‘হেট স্টোরি ৩’ সিনেমা সম্পর্কে জানেন এবং এ সম্পর্কে কথা বলছেন। অবশেষে ইন্ডাস্ট্রিতে এতদিন কাজ করার পর মনে হচ্ছে আমিও বেশ বিখ্যাত হয়ে গেলাম।
২০১০ সালে ‘বীর’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন জেরিন খান। প্রথম সিনেমাতেই সালমান খানের মতো বড় তারকার সঙ্গে কাজ করার সুযোগ পান তিনি। তবে বক্স অফিসে ‘বীর’ তেমন সাড়া ফেলতে পারেনি।
পরে তাকে আবার দেখা যায় হিন্দি ‘হাউসফুল ২’ সিনেমায়। যদিও এর ফাঁকে বেশ কয়েকটি তামিল সিনেমায় তিনি অভিনয় করেন।
‘হেট স্টোরি ৩’-এ অভিনয়ের বিষয়ে জেরিন বলেন, এ সিনেমায় আমার কাজের বিষয়ে বলিউড ইন্ডাস্ট্রির অনেকেই কথা বলছেন। এর আগে কখনও এমনটা হয়নি।
ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট কিনা জানতে চাইলে তিনি বলেন, ক্যারিয়ারের যে পর্যায়ে আমি আছি তাতে খারাপ লাগছে না। আমার এই পর্যায়টা দুর্দান্ত লাগছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া


