বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, পৌরসভা নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির করা বিজ্ঞাপনটি সরকারের চাপে বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যম প্রচার করছে না।
আজ সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন খালেদা জিয়া। আজ সোমবার থেকে ভিডিও চিত্রটি বিভিন্ন গণমাধ্যমে যাওয়ার কথা বলে জানিয়েছিলেন দলের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সংবাদ সম্মেলনে খালেদা জিয়া অভিযোগ করে বলেন, ‘এই নির্বাচনে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে আমরা একটি বিজ্ঞাপনচিত্র প্রচার করতে চেয়েছিলাম। সরকারের পরোক্ষ চাপের কারণে ইলেকট্রনিক মিডিয়াগুলো সে বিজ্ঞাপনটি প্রচারেও রাজি হয়নি। এসব ঘটনায় সরকারে অগণতান্ত্রিক আচরণ আরো ন্যক্কারজনকভাবে ফুটে উঠেছে।’
বিজ্ঞাপনে ব্যবহার করার জন্য খালেদা জিয়ার বক্তব্যও ধারণ করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি ভোটারবিহীন সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ ও ঢাকা-চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আপনারা শাসক দলের সন্ত্রাস, দখলদারি ও ন্যক্কারজনক কারচুপির চিত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং পেশাদারত্বের মনোভাব নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে তুলে ধরেছেন। আপনাদের সততা ও বস্তুনিষ্ঠতার কারণে দেশবাসী এবং বিশ্ববাসী জানতে পেরেছে আওয়ামী লীগ সরকারের অধীনে কখনো কোনো নির্বাচন সুষ্ঠু হয় না। আমি জানি, এবার সাংবাদিকরা যাতে নির্বাচন চলাকালে তাদের পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারেন তার জন্য নানা ধরনের অপচেষ্টা চলছে। ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশাধিকারের ব্যাপারে নির্বাচন কমিশন বিধি-নিষেধ আরোপ করেছে। সাংবাদিকদের অনুমতিপত্র দেওয়ার ব্যাপারেও সরকারি দলের নেতাদের গোপনে মতামত নেওয়া হচ্ছে। এই সরকার বিকল্প মিডিয়ার ওপরও নিয়ন্ত্রণ আরোপ করেছে। ফেসবুক ও টুইটারের মতো সামাজিক মিডিয়া ও যোগাযোগ নেটওয়ার্কের ওপরও খবরদারি করছে।’


