সিরাজগঞ্জের সলঙ্গায় পিকআপ ভ্যানের চাপায় দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার নাইমুড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সলঙ্গা থানার নাইমুড়ী দিঘির চালা গ্রামের রিয়াজ (৪৫) ও নাইমুড়ী রোয়াপাড়া আজাহার আলীর ছেলে জাহিদুল (২৭)।
পুলিশ জানায়, ভোরে কুয়াশার কারণে নাইমুড়ী এলাকায় একটি পেঁয়াজের ট্রাক উল্টে পড়ে যায়। এরপর কুয়াশার মধ্যেই রাস্তায় ছড়ানো ছিটানো পেঁয়াজ কুড়োচ্ছিলেন রিয়াজ ও জাহিদুলসহ আরও কয়েকজন। এ সময় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রিয়াজ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান জাহিদুল।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, পিক-আপ ভ্যানটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


