পঞ্চম শ্রেণির সমাপনী, জেএসসি ও সমমানের পরীক্ষায় অবতীর্ণ ৫৬ লাখ শিক্ষার্থীর ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন দুই মন্ত্রণালয়ের মন্ত্রী।
বৃহস্পতিবার সকালে গণভবনে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার পরীক্ষার ফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে দুপুর সাড়ে ১২টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
অন্যদিকে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে বেলা দেড়টায় সংবাদ সম্মেলন আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
গত ১ থেকে ১৮ নভেম্বর অনুষ্ঠিত জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নেয় ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ শিক্ষার্থী। এরপর ২২ থেকে ৩০ নভেম্বর ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ শিক্ষার্থী প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় বসে।


