অনেক কেন্দ্রে অনিয়ম হলেও তা পুরো পৌরসভা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেনি বলে মনে করে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ পৌর নির্বাচনে নিজেদের মূল্যায়ন তুলে করে সংগঠনটি।
ইডব্লিউজি জানায়, সারা দেশের ২৩৪ পৌরসভায় মোট তিন হাজার ৫৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে এক হাজার ১৯৮টি কেন্দ্রে পর্যবেক্ষণ করে তারা।
পৌর নির্বাচনের পর্যবেক্ষণ রিপোর্টে বলা হয়, এক হাজার ১৯৮টি কেন্দ্রের মধ্যে ১২ শতাংশ কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্ট উপস্থিত ছিল না। আবার ২ শতাংশ কেন্দ্রে উপস্থিত ছিল না আওয়ামী লীগের পোলিং এজেন্ট।
পর্যবেক্ষণ করা কেন্দ্রগুলোতে ৭২ শতাংশ ভোট পড়েছে বলেও উল্লেখ করে ইডব্লিউজি।
গতকাল সারা দেশে ২৩৪টি পৌরসভায় একযোগে ভোট গ্রহণ করে নির্বাচন কমিশন। এতে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করে। মেয়র পদে ক্ষমতাসীন দলের ১৭৭ জন, বিএনপির ২২, জাতীয় পার্টি একজন এবং ২৭ স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেন। এ ছাড়া সাতটি পৌরসভার ভোট স্থগিত করা হয়।


