বুধবার ৪ নভেম্বর ২০২৬

মোবাইলে ৫০০ টাকা রিচার্জ করা নিয়ে ক্ষোভ

BTRC-ddমুঠোফোনে এক দিনে সর্বোচ্চ পাঁচ শ টাকা রিচার্জের নির্দেশনা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ বিষয়ে মোবাইল অপারেটরদের কাছ থেকে কিছু প্রস্তাব পাওয়ার পর বিটিআরসি তেমনই উদ্যোগ নিতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বৃহস্পতিবার  বলেন, ‘গ্রাহকের অসুবিধার কথা বিবেচনা করেই নির্দেশনাটি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা মোবাইল অপারেটরদের কাছ থেকে কিছু প্রস্তাবও পেয়েছি। এ সব বিশ্লেষণ করে নতুন একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে।’ নতুন প্রস্তাবে একদিনে রিচার্জ সীমা বাড়ানোর ইঙ্গিত দেন তিনি।

এত দিন এক দিনে মুঠোফোনে সর্বোচ্চ এক হাজার টাকা রিচার্জ করা যেত। কিন্তু গত মঙ্গলবার বিটিআরসির এক নির্দেশনায় প্রিপেইড সংযোগের মুঠোফোনে এক দিনে সর্বোচ্চ পাঁচ শ টাকা রিচার্জ করার সীমা বেঁধে দেওয়া হয়। নির্দেশনায় আরও বলা হয়, একজন প্রিপেইড গ্রাহক তাঁর মুঠোফোনে সর্বোচ্চ পাঁচ হাজার টাকার ব্যালেন্স রাখতে পারবেন, আর এক দিনে সর্বোচ্চ তিন শ টাকা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।

এ সিদ্ধান্তে আপত্তি জানিয়ে বিটিআরসিকে চিঠি দেয় মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)। ওই চিঠিতে বলা হয়, মুঠোফোনে পাঁচ শ টাকা রিচার্জ করা হলে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর ও তিন শতাংশ সম্পূরক শুল্ক যোগ হয়ে গ্রাহক প্রকৃতপক্ষে ব্যবহার করবেন চার শ ২২ টাকা। অথচ বিভিন্ন মোবাইল অপারেটরের মুঠোফোন ও ইন্টারনেট সংক্রান্ত অনেক প্যাকেজের মূল্য পাঁচ শ টাকার বেশি। তাই এ ধরনের বেশি অঙ্কের প্যাকেজ তাঁরা কিনতে পারবেন না। একদিনে সর্বোচ্চ সীমা বাড়িয়ে দুই হাজার টাকা করার প্রস্তাবও দেয় মোবাইল অপারেটররা।

আরও পড়ুন