বর্ষবরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় পুলিশের তদন্ত প্রতিদেব প্রত্যাখান করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠন দুটি।
শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করেন সংগঠন দুটির নেতাকর্মীরা।
বক্তারা বলেন, পহেলা বৈশাখে নারীদের যৌন হয়রানির করেছিল ৩০-৩৫ জনের সংঘবদ্ধ চক্র। ঘটনাস্থল থেকে হাতেনাতে তাদের দুজনকে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছিল। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজেও দোষীদের দেখা গেছে। পাশাপাশি সামাজিক মাধ্যমে অনেকে অপরাধীদের চিহ্নিত করেছেন। নারী লাঞ্ছনার এ ঘটনার দীর্ঘদিন পর দোষীদের খুঁজে পাওয়া যায়নি বলে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তা গ্রহণযোগ্য নয়।
বৈশাখে নারী নির্যাতনের এ ঘটনার বিচার করা না হলে তা লাঞ্ছনাকরীদের উৎসাহিত করবে এবং সমাজে নারী নির্যাতনের মত ভয়াবহ ঘটনা বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন তারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শাহবাগ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এসে শেষ হয়।
বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সিমা দত্তের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্নেহাদ্রি চক্রবর্ত্তী রিন্টু, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সাধারণ সম্পাদক মর্জিনা খাতুন। সমাবেশ পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগর শাখার সাধারণ সম্পাদক শরিফুল চৌধুরী।
বর্ষবরণে নারী লাঞ্ছনার তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান
যে কোনো সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন।


