সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বাদশ আসর বাংলাদেশে হবে। এ নিয়ে তৃতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ।
শনিবার ভারতের ত্রিভান্দ্রামে সাফের (দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন) নির্বাহী কমিটির সভা শেষে ২০১৭ সালের আসরের আয়োজক হিসেবে বাংলাদেশকে চূড়ান্ত করা হয়।
২০১৭ সালের ডিসেম্বরে সাফের দ্বাদশ আসর শুরু হবে জানিয়ে সংস্থাটির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল ত্রিভান্দ্রাম থেকে ফোনে বলেন, “মালদ্বীপ ও ভুটান আয়োজক হতে চেয়েছিল। ভুটান নিজেদেরকে প্রত্যাহার করেছে; মিটিংয়ে উপস্থিত সদস্যদের মধ্যে মালদ্বীপের বিষয়টিও আলোচনা হয়েছে। আলাপ আলোচনা আর ডব্লিউএসজির (ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপ) মতামতের ভিত্তিতে বাংলাদেশকে বেছে নেওয়া হয়েছে।”
২০০৩ ও ২০০৯ সালের সাফ ফুটবলের আয়োজক ছিল বাংলাদেশ। প্রথমবার সাফের আয়োজন করে মালদ্বীপকে ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। আর ২০০৯ সালে সেমি-ফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিয়েছিল স্বাগতিকরা।
সাফের একাদশ আসরে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ। আফগানিস্তান ও মালদ্বীপের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় মারুফুল হকের দল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে দুই জন প্রতিনিধি সাফের নির্বাহী কমিটির সভায় থাকার কথা ছিল। ঘরোয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, বঙ্গবন্ধু গোল্ড কাপের ব্যস্ততার কারণে প্রতিনিধিরা যেতে পারেননি; সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।


