বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সৌদি রাজতন্ত্র পতনের দিন শুরু: খামেনি

Ayatollah-Ali-Khamenei৪৭ শিয়ার মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে সৌদি আরবের ক্ষমতাসীন রাজ পরিবারের পতনের দিন শুরু হল। মেহর সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন ভবিষ্যদ্বাণী করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি।

এছাড়া তার বক্তব্যের বরাত দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সৌদি আরবকে হুশিয়ারি দিয়ে বলা হয়েছে, সৌদি আরবের খ্যাতিমান শিয়া নেতা নিমর আল নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করায় সৌদি সরকারকে অবশ্যই চড়া মূল্য দিতে হবে।
খামেনি আরও বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের পবিত্র রক্ত ও তাদের পরিবারের সদস্যদের বিষাদভরা চোখের পানি সৌদি রাজতন্ত্রের পতন ডেকে আনবে।

এছাড়া ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন জাবের আনসারি ওই ঘটনার কঠোর নিন্দা জানিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে বলেন, ‘একদিকে সৌদি সরকার উগ্রবাদী ও সন্ত্রাসীগোষ্ঠীকে সমর্থন দিয়ে যাচ্ছে, অন্যদিকে এসব ঘটনার যারা সমালোচনা করছেন, তাদের মৃত্যুদণ্ড দিচ্ছে।
সৌদির এ দ্বিমুখী নীতির কারণে তাদের চরম ভোগান্তিতে পড়তে হবে।

সৌদি আরবের পূর্বাঞ্চল প্রদেশে শিয়া সংখ্যালঘুদের নিপীড়ন ও প্রান্তিক দিকে ঠেলে দেয়ার প্রতিবাদে ২০১১ সালে বিক্ষোভ করে দেশটির শিয়া সম্প্রদায়। ওই বিক্ষোভে নেতৃত্ব দেন জনপ্রিয় শিয়া নেতা নিমর (৫৬)। আনসারি আরও বলেন, ‘সৌদি আরবের রাজনীতি বা ধর্মীয় ব্যাপার নিয়ে কোনো উদ্দেশ্য ছিল না শেখ নিমরের। শুধু শিয়াদের অধিকার আদায়ের জন্য তিনি কাজ করেছেন। আর তাকে মৃত্যুদণ্ড দেয়ার মধ্য দিয়ে সৌদি আরব দায়িত্বজ্ঞানহীন ও অদূরদর্শিতার পরিচয় দিয়েছে।

ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতিবিষয়ক সংসদীয় কমিশনের প্রধান আলাউদ্দিন বোরুজেরদি বলেছেন, ‘সৌদি আরবের শীর্ষস্থানীয় আলেম আয়াতুল্লাহ শেখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের মধ্য দিয়ে দেশটির রাজতন্ত্র পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এদিকে শেখ নিমরের শাহাদাতের কারণে সৌদি আরবে গণ-অসন্তোষের নতুন অধ্যায় শুরু হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন