মার্ক জাকারবার্গভারত-মিয়ানমার সীমান্ত থেকে উৎপন্ন হওয়া ভূমিকম্প নিয়ে ‘সেফটি চেক’ চালু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ভারত-বাংলাদেশ-নেপাল-মিয়ানমারকে নিয়ে দেয়া এক স্ট্যাটাসের মাধ্যমে এই সেফটি চেক চালুর কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান মার্ক জাকারবার্গ।
স্ট্যাটাসে তিনি জানান, ভারতের উত্তরপূর্বাঞ্চল থেকে উৎপন্ন হওয়া ভূমিকম্পে ফেসবুকের তরফে সেফটি চেক চালু করা হয়েছে যেন ওই অঞ্চলে বসবাসকারী মানুষেরা তাদের বন্ধু-স্বজনদের জানাতে পারেন যে তারা নিরাপদে আছেন কিনা। সেই সেফটি চেক অফশনের লিঙ্কও শেয়ার করেছেন তিনি।
লিঙ্কটি হলো: https://www.facebook.com/safetycheck/manipurearthquake-jan03-2016
জাকারবার্গ জানিয়েছেন, দুর্গত এলাকার সবাইকে নিয়ে তিনি উদ্বিগ্ন। স্ট্যাটাসে সবার নিরাপত্তাও কামনা করেছেন তিনি।
জাকারবার্গের স্ট্যাটাস
উল্লেখ্য, ভারত-মিয়ানমার সীমান্ত থেকে উৎপন্ন হওয়া ভূমিকম্প বাংলাদেশেও আঘাত হানে। আজ ভোর ৫টা ৭ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। রাজধানী ঢাকাসহ রাজশাহী, সিলেট, দিনাজপুর, চট্টগ্রাম, বরিশালের বিভিন্ন স্থানে এ ভূকম্পন অনুভূত হয়েছে বলে বাংলা ট্রিবিউনের প্রতিনিধিরা জানিয়েছেন। এতে মানুষজন বাড়ি-ঘড় ছেড়ে নিরাপদে বাইরে খোলা জায়গায় অবস্থান নেয়।
রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৮। আবার কোনও সূত্রে এ মাত্রা ৬.৯ দেখা গেছে। উৎপত্তিস্থল ছিল ভারত-মিয়ানমার সীমান্তের ইমফাল শহরে। ঢাকা থেকে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ৩৫১ কিলোমিটার দূরে। কেন্দ্রস্থলটি সিলেটের করিমগঞ্জের খুব কাছে। ফলে সবেচেয়ে বেশি অনুভূত হয়েছে সিলেটে। সিলেটে কম্পনের মাত্রা ছিল ৪। চট্টগ্রামে ৩। ভূমিকম্পটি তার কেন্দ্রস্থল থেকে ৭৬১ কিলোমিচার পর্যন্ত বিস্তৃত ছিল। প্রায় ২০-২৫ সেকেন্ড ধরে চলে এই কম্পন।


