বুধবার ৪ নভেম্বর ২০২৬

ক্লাস হয়নি কোনো সরকারি কলেজে

bcs-general-education_184125দেশের ৩০৫টি সরকারি কলেজের শিক্ষকদের দুদিনের সর্বাত্মক কর্মবিরতি শুরু হয়েছে সোমবার। অষ্টম জাতীয় বেতন স্কেলে অধ্যাপকদের মর্যাদা ‘আপগ্রেড’, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল, ব্যাচভিত্তিক পদোন্নতি চালুসহ পাঁচ দফা দাবিতে সরকারি কলেজ শিক্ষকদের সংগঠন ‘বিসিএস সাধারণ শিক্ষা সমিতি’ এ কর্মসূচির ডাক দেয়।

শিক্ষকদের কর্মসূচির কারণে সোমবার দেশের সরকারি কোনো কলেজে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি।

‘বিসিএস সাধারণ শিক্ষা সমিতি’র মহাসচিব আই কে সেলিম উল্লাহ খোন্দকার সমকালকে বলেন, সারাদেশে স্বতস্ফূর্তভাবে শিক্ষকরা কর্মবিরতি পালন করেছেন। কালও (মঙ্গলবার)এ কর্মসূচি চলবে।
অষ্টম বেতন স্কেলে শিক্ষকদের অবনমন করা হয়েছে দাবি করে সেলিম উল্লাহ বলেন, অন্য ক্যাডার কর্মকর্তাদের পঞ্চম থেকে সরাসরি তৃতীয় গ্রেডে পদোন্নতি দেওয়া হয়েছে। শিক্ষা ক্যাডারের পঞ্চম গ্রেডের সহযোগী অধ্যাপকরা পদোন্নতি পেয়ে চতুর্থ গ্রেডে অধ্যাপক হতেন। চতুর্থ গ্রেডের অধ্যাপকরা অর্ধেক সিলেকশন গ্রেড পেয়ে তৃতীয় গ্রেড পেতেন। নতুন বেতন কাঠামোয় সিলেকশন গ্রেড বাতিল করায় অধ্যাপকদের চতুর্থ গ্রেড থেকেই অবসরে যেতে হবে।

তিনি নায়েম মহাপরিচালক, এনসিটিবি চেয়ারম্যান, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং জেলা সদরের অনার্স ও মাস্টার্স কলেজের অধ্যক্ষের পদকেও গ্রেড-১-এ উন্নীত করার দাবি জানান। পাশাপাশি বিকল্প ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রাখারও দাবি জানিয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি’র মহাসচিব।

উল্লেখ্য, বর্তমানে দেশের ৩০৫টি সরকারি কলেজে প্রায় ১৩ হাজার শিক্ষক কর্মরত। এছাড়া সব শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি), পাঠ্যপুস্তক বোর্ড, নায়েমসহ বেশ কিছু প্রতিষ্ঠানে আংশিক কাজ করেছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা।

আরও পড়ুন