জনপ্রিয় অভিনেত্রী দিতি জীবনের অন্তিম মুহূর্ত পার করছেন। তিনি কারও সঙ্গে কথা বলতে পারছেন না। ‘তীব্র যন্ত্রণা নিয়ে শুয়ে আছেন হাসপাতালের বিছানায়। আর কোনো আশাই নেই তার সুস্থ হওয়ার। চিকিৎসকরাও কিছু করতে পারছেন না। কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় তার শারীরিক অবস্থা বেশ অবনতির দিকে।’ চেন্নাই থেকে এমনটাই জানিয়েছেন তার মেয়ে লামিয়া চৌধুরী। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘মা মারা যাচ্ছেন।… চিকিৎসকদেরও কিছু করার নেই। রেডিয়েশনের পার্শ্বপ্রতিক্রিয়ায় পারকিনশন্স রোগ পেঁৗছেছে দ্বিতীয় পর্যায়ে।’
অনেক দিন ধরেই ভারতের চেন্নাইয়ে চিকিৎসা নিচ্ছেন দিতি। এতদিন ধরে তাকে সুস্থ করে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল পরিবার। কিন্তু গতকাল সোমবার সন্ধ্যায় মেয়ে লামিয়া জানান, দিতির সুস্থ হয়ে ওঠার কোনো লক্ষণই আর দেখা যাচ্ছে না। হাসপাতালে এখন দিতির পাশে আছেন তার ছেলে সাফায়েত চৌধুরী ও মেয়ে লামিয়া চৌধুরী। চোখের সামনে দিনের পর দিন এ দৃশ্য আর সহ্য করতে পারছেন না পরিবারের সদস্যরা।
লামিয়া তাই অনেকটা আশাহত মন নিয়েই লিখেছেন, ‘মা মারা যাচ্ছেন। আমাকে তার বিষয়ে প্রশ্ন করা বন্ধ করুন। উনি ভালো হয়ে যাবেন- এ ধরনের সান্ত্বনাও দয়া করে দেবেন না। চিকিৎসকদের হাতে তার জন্য আর কিছুই করার নেই। কেমোথেরাপির রেডিয়েশনের পার্শ্বপ্রতিক্রিয়ায় তার পারকিনশন্স রোগ হয়েছে। রেডিয়েশনের ফলেই তার অবস্থার অবনতি হয়েছে। আমি বলব না আমার মায়ের সুস্থ হয়ে ওঠার জন্য দোয়া করুন। আমি বলব, আপনারা দোয়া করুন যেন আমার মায়ের তীব্র যন্ত্রণা দ্রুত শেষ হয়। আমি চাই না আমার মা ল্যাবের ইঁদুরের মতো নির্মম কষ্ট নিয়ে সময় পার করুক। আল্লাহ আমার মাকে দ্রুত মৃত্যু উপহার দাও। তোমার প্রতি তার বিশ্বাস অবিচল।’
মস্তিষ্কে ক্যান্সার নিয়ে দিতি এখন আছেন চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে (এমআইওটি)। গত বছরের ৩ নভেম্বর দ্বিতীয় দফায় চেন্নাইয়ে নেওয়া হয় তাকে। প্রথম দফার চিকিৎসা শেষে গত বছরের ২০ সেপ্টেম্বর দেশে আসেন এই অভিনেত্রী।


