রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে সোনিয়া আক্তার (২৮) নামে এক গৃহবধূর গায়ে এসিড ছুড়ে মেরেছে দুর্বৃত্তরা। পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার আরমান ও আজিজ মঙ্গলবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করেছেন তার স্বামী মো. রনি। হাসপাতালের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেছেন, এতে সোনিয়ার দুই হাত, পিঠ, কোমরসহ বিভিন্ন অংশ ঝলসে যায়।
রনি জানান, তিনি পেশায় একজন নরসুন্দর। কয়েক দিন আগে এলাকার আরমান ও আজিজের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর জের ধরেই রাতে ঘরের জানালা দিয়ে এসিড ছুড়ে মারে তারা। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে এসিড নিক্ষেপকারীরা পালিয়ে যায়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তার স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।


