বাগেরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে স্কুল শিক্ষকসহ ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বলাইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার কালাইয়া গ্রামের হিরনময় হালদারের পুত্র স্কুল শিক্ষক চিনময় হালদার (৪০) ও মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে হাফিজুল মোল্লা (৩৫)। হাফিজুল মোল্লা বাগেরহাটের ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক বলে জানায় পুলিশ।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, মোড়েলগঞ্জের আঞ্চলিক মহাসড়কের দোনা এলাকায় বিপরীতমুখী দ্রুতগামী দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় দুই মোটরসাইকেলের চালক হাফিজুল ও চিনময় ঘটনাস্থলে মারা যান।
এ সময় মোটরসাইকেলের ৩ আরোহী আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেছে।


