বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশ-ভার-পাকিস্তানকে নিয়ে ফেডারেশন গঠনের প্রস্তাব

newIndia_mapসন্ত্রাসবাদকে পুরোপুরি নির্মূল করতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান নিয়ে একটি ফেডারেশন (সংঘ) গঠনের কথা জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় খাদ্য এবং উপভোক্তামন্ত্রী রামবিলাস পাসোয়ান। এই উপমহাদেশ থেকে সন্ত্রাসবাদকে পুরোপুরি নির্মূল করতে ত্রিদেশীয় ফেডারেশন অত্যন্ত জরুরি বলে দাবি করেছেন এই মন্ত্রী।

গতকাল মঙ্গলবার ভারতের পুনেতে কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান সংবাদমাধ্যমকে বলেন, বাংলাদেশ, ভারত ও পাকিস্তান নিয়ে একটি ফেডারেল গঠন করা সম্ভব হলে এ অঞ্চলে মাথাচাড়া দিয়ে ওঠা সন্ত্রাসবাদকে পুরোপুরি নির্মূল করা যাবে।

তিন রাষ্ট্রের মধ্যে অভিন্ন মুদ্রাব্যবস্থা চালু করার কথা বলেন রামবিলাস। তিনি বলেন, যেভাবে ইউরো চালু করা হয়েছিল, একইভাবে এই তিন রাষ্ট্রের মধ্যে অভিন্ন মুদ্রাব্যবস্থা চালু করা যেতে পারে।

সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে পাসোয়ান বলেছিলেন, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যে এক ও অভিন্ন মুদ্রাব্যবস্থা, উন্মুক্ত বাণিজ্য এবং মানুষের অবাধ যাতায়াতব্যবস্থা চালু করার লক্ষ্যে এই ফেডারেল গঠিত হতে পারে।

ভারতের পাঠানকোটের বিমানঘাঁটিতে জঙ্গি হামলার নিন্দা করেছেন রামবিলাস পাসোয়ান। তবে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের লক্ষ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জন্মদিনে ভারতের প্রধানমন্ত্রী মোদির পাকিস্তান সফরে গিয়ে শুভেচ্ছা জানানোর ঘটনারও প্রশংসা করেন তিনি।

আরও পড়ুন