নগরীর তালাইমারীতে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর তালাইমারী ট্রাফিক মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে।
বোয়ালিয়া মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) গোলাম সাকলাইন বলেন, পুলিশের ধাওয়া খেয়ে শিবিরকর্মীরা পালিয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, যুদ্ধাপরাধী মামলায় জামায়াতের র্শীষ নেতা নিজামীর ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর তালাইমারী ট্রাফিক মোড় এলাকায় শিবিরকর্মীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয়। এসময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিবিরকর্মীদের ছত্রভঙ্গ করতে তিন রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
শিবিরকর্মীরা গ্রেফতার এড়াতে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ ঘটনার পর থেকে নগরীর সব এলাকায় নাশকতা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে জানান সহকারী পুলিশ কমিশনার সাকলাইন।


