অসহিষ্ণুতা বিতর্কে মুখ খোলায় ভারতের পর্যটন মন্ত্রণালয়ের ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র বিজ্ঞাপন থেকে সরানো হলো বলিউড অভিনেতা আমির খানকে। চুক্তির মেয়াদ শেষের অজুহাত দেখিয়ে আমিরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে কেন্দ্রীয় বিজেপি সরকার।
বুধবার দিনভর গণমাধ্যমে প্রচার হয়, পর্যটন মন্ত্রণালয়ের এই বিজ্ঞাপন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলিউড অভিনেতাকে। পরে এ নিয়ে বিবৃতি দিয়ে মন্ত্রণালয়ের তরফে বলা হয়, যে সংস্থার সঙ্গে মন্ত্রণালয়ের চুক্তি হয়েছিল, তাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ। তাই আমিরের সঙ্গেও সম্পর্ক শেষ।
ভারতের কেন্দ্রীয় পর্যটন এবং সংস্কৃতি দফতরের মন্ত্রী মহেশ শর্মা বলেন, ওই বিজ্ঞাপনী সংস্থাই আমির খানকে বিজ্ঞাপনে নিয়ে আসে। এখন বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে আমাদের চুক্তি শেষ, তাই স্বাভাবিকভাবেই ওই অভিনেতার সঙ্গে আর কোনো সম্পর্কও রইল না। আমির পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর থাকছেন না বলেও জানান মহেশ শর্মা।
বিজেপির আইটি, ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা অমিত মালব্য বুধবার সকালে টুইট করেন, ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে থাকা আমির খানকে সরানো হলো। এরপরই একের পর এক টিভি চ্যানেলে এ খবর দেখানো শুরু হয়।
গত নভেম্বরে অসহিষ্ণুতা বিতর্কে মুখ খোলার কারণেই আমির খানের ওপর এই খড়্গ নেমে এসেছে বলে মত একাংশের। এর পরই টুইটে বিবৃতি দেয় মন্ত্রণালয়। এতে বলা হয়. মিডিয়াতে আমির খানকে নিয়ে বেশ কয়েকটি প্রতিদবেদন প্রকাশিত হয়েছে তার পরিপ্রেক্ষিতে জানানো হচ্ছে, এ বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান একই রয়েছে।


