বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সম্পদের অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সূত্র জানায়, তারেক রহমানের ‘যাবতীয় সম্পদ ও বর্তমান আয়ের উৎস’ অনুসন্ধানের সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছে কমিশন। তবে এ বিষয়ে বুধবার কঠোর গোপনীয়তায় করা এক সভায় আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এর আগে তারেকের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তদন্ত করা হলেও এই প্রথম অবৈধ সম্পদের সুনির্দিষ্ট অভিযোগ এনে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করছে দুদক।
জানা গেছে, অনুসন্ধানের জন্য দুদকের বিশেষ অনুসন্ধান-তদন্ত-২ শাখার উপ-পরিচালক মো. হারুনুর রশিদকে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। দুদকের এই কর্মকর্তা তারেকের স্থাবর-অস্থাবরসহ সকল সম্পদ ও অর্থের অনুসন্ধান করবেন।
সূত্র জানায়, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে অবস্থানকালে তার ব্যয় ও আয়ের উৎস সম্পর্কে প্রশ্ন ওঠায় দুদক তার ‘যাবতীয় সম্পদ ও বর্তমান আয়ের উৎস’ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র আরো জানায়, অনুসন্ধানে দেশে ও বিদেশে তারেক রহমানের বিভিন্ন অ্যাকাউন্ট খতিয়ে দেখা হবে। এছাড়া বিভিন্ন ব্যাংকে কিছু সন্দেহভাজন অ্যাকাউন্টধারীরও তথ্য জানতে চাইবে দুদক।


