বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দীর্ঘ দিনের শরিক ইসলামী ঐক্যজোট। বৃহস্পতিবার দুপুরে রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জোটের ত্রি-বার্ষিকী সম্মেলনে চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী এই ঘোষণা দেন।
তিনি বলেন, “ইসলামী ঐক্যজোট এখন থেকে স্বতন্ত্রভাবে রাজনীতি করবে। সেজন্য আমরা ২০ দলীয় জোট থেকে বেরিয়ে গেলাম। আমরা আর জোটে নেই।”
এই সম্মেলনে নেজামীকে চেয়ারম্যান ও মুফতি মুহাম্মদ ফয়েজুল্লাহকে জোটের মহাসচিব পদে পুনর্নির্বাচিত করা হয়।
এর আগে গতবছর সেপ্টেম্বরে বিএনপি জোটে ভাঙন ধরিয়ে বেরিয়ে যায় শেখ শওকত হোসেন নিলুর নেতৃত্বে ন্যাশনাল পিপলস পার্টি(এনপিপি)।
ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট-এনডিএফ নামে নতুন ১০ দলের নতুন এক জোটের ঘোষণা দিয়ে নীলু সে সময় অভিযোগ করেছিলেন, ২০ দলের জোটে বিএনপি-জামায়াত সব সিদ্ধান্ত চাপিয়ে দিত।


