বুধবার ৪ নভেম্বর ২০২৬

স্কুল-কলেজে ফ্রি স্মার্টফোন দেবে সরকার

Zunaid+Ahmed+Palak_শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞান বাড়াতে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ‘কম্পিউটার কাম ল্যাংগুয়েজ ক্লাব’ করার উদ্যোগ নেওয়া হয়েছে সেসব প্রতিষ্ঠানে ট্যাবের পাশাপাশি স্মার্টফোনও দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী স্মার্টফোন ও ট্যাব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “প্রাত্যহিক জীবনের এক অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে স্মার্টফোন। এটাকে বাদ দিয়ে এখন জীবন ভাবা যায় না।

“মেলায় একটি কোম্পানি অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড বাংলায় নিয়ে এসেছে। সবাই সামনে এরকম নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসবে, সেই আশা করছি।”

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সরকারের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুই হাজার ‘কম্পিউটার কাম ল্যাংগুয়েজ ক্লাব’ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

“এর প্রত্যেকটি জায়গায় ডেস্কটপ ও ল্যাপটপের বাইরে স্মার্টফোন ও ট্যাব দেওয়া হবে, যাতে তারা অ্যান্ড্রয়েড বা আইওএস ফরমেটে কাজ করতে পারে। এর ফলে শিক্ষার্থীদের জানার পরিসর বাড়বে।”

এসময় তিনি জানান, ভবিষ্যতে আরও দুই হাজার ‘কম্পিউটার কাম ল্যাংগুয়েজ ক্লাব’ করা হবে।

বাংলাদেশকেও মোবাইল ব্র্যান্ড দিয়ে বিশ্ববাসী চিনবে- এমন প্রত্যাশা ব্যক্ত করে প্রতিমন্ত্রী পলক বলেন, “স্যামসাংকে দিয়ে যেমন সবাই কোরিয়াকে চেনে, তেমনি বাংলাদেশকে সবাই আমাদের মোবাইল ব্র্যান্ড দিয়ে চিনবে। একসময় দেশের বাইরে আমাদের মোবাইল ব্র্যান্ড ছড়িয়ে যাবে, সেই প্রত্যাশা করছি।”

দেশের মাত্র ২ শতাংশ মানুষ ইংরেজি বোঝে দাবি করে অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার বলেন, “তাই বাংলায় মোবাইল কনটেন্ট থাকলে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাবে বহুগুণ। এজন্য দেশীয় প্রতিষ্ঠানে বাংলায় অপারেটিং সিস্টেম ব্যবহারকে আমরা স্বাগত জানাই।“

মেলায় বাংলা ভাষায় অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেম নিয়ে এসেছে প্রযুক্তি বিষয়ক কোম্পানি ‘এলিট’।

অনুষ্ঠানে এলিটের ব্যবস্থাপনা পরিচালক কাজী আশফাক মনির বলেন, “অ্যান্ড্রয়েড বাজারে দেশীয় কনটেন্ট খুব কম। আমাদের বাংলা ভাষার কোনো ইন্টারফেইসও নেই। তাই এ মেলায় আমরা বাংলা ভাষায় ইন্টারফেইসসহ সম্পূর্ণ দেশীয় ভাষায় অ্যান্ড্রয়েড ফোন নিয়ে এসেছি।”

অনুষ্ঠানে টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম, গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন, এডিসন গ্রুপের সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এক্সপো মেকারের আয়োজনে স্মার্টফোন ও ট্যাব নিয়ে দেশের পঞ্চম এই প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

মেলার টাইটেল স্পন্সর গ্রামীণফোন এবং কো-স্পন্সর এলিট, হুয়াওয়ে, স্যামসাং ও সিম্ফনি।

আরও পড়ুন