শুধু ২০ দলীয় জোটই নয়, বিএনপিও ভেঙে যাবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। শুক্রবার মাদারীপুর শহরে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, “বিএনপি- জামায়াত, একাত্তর, পঁচাত্তরের খুনী আর কিছু মুক্তিযোদ্ধা মিলে কোনো ঐক্য হতে পারে না। যারা ঐক্যবদ্ধ হয়েছিলেন- তাদের ভাঙন আবশ্যম্ভবী। এ কারণে বিএনপিও ভাঙবে, ২০ দলও ভাঙবে।”
বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে ইসলামী ঐক্যজোটের বেরিয়ে যাওয়ার ঘোষণার পরদিন আওয়ামী লীগ নেতা শাজাহান খানের এই মন্তব্য্ এলো।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ইসলামী ঐক্যজোটের ত্রি-বার্ষিকী সম্মেলনে দলটির চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দেন। অবশ্য এর তিন ঘণ্টার মধ্যেই আবদুল লতিফ নেজামীদের দল থেকে ‘বাদ দেওয়ার’ ঘোষণা দিয়ে ইসলামী ঐক্যজোটের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুর রকিব বলেন, তাদের দল বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটেই রয়েছে।
এর আগে গতবছর সেপ্টেম্বরে বিএনপি জোটে ভাঙন ধরিয়ে বেরিয়ে যায় শেখ শওকত হোসেন নীলু নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।
বিএনপিকে ‘আদর্শবিহীন দল’ আখ্যায়িত করে নৌমন্ত্রী বলেন, “বিএনপির কোনো আদর্শ নেই; এ কারণে তারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে চায়।তবে তারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে ব্যর্থ হয়েছে।”
অন্যদের মধ্যে জেলা প্রশাসক কামালউদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মো. সারোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


