বুধবার ৪ নভেম্বর ২০২৬

পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা সহজ নয়

pakistan-rally-in-bangladeshপাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘কোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা অত সহজ নয়। পাকিস্তান পাকিস্তানের জায়গায়, বাংলাদেশ বাংলাদেশের জায়গায়।’  বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার দমদম নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের মাটিতে ৭১ সালের যুদ্ধপরাধীদের বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে। অপরাধীরা আইন মেনেই শাস্তি পাবে। তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশ সব সময়ই বাণিজ্যিক সুসম্পর্ক বাড়াতে আগ্রহী। তবে ভারতের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্যিক ঘাটতি সেটা থাকবেই। কারণ হিসেবে তিনি বলেন, ভারত থেকে অনেক কিছু আমদানি করে বাংলাদেশ।

কলকাতায় আয়োজিত বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে যোগ দিতে বাণিজ্যমন্ত্রী ছাড়াও বাংলাদেশ থেকে ব্যবসায়ীরা গেছেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করব দুই দেশের মধ্যে যাতে বাণিজ্যিক লেনদেন আরো বাড়ানো যায়। ভারত থেকে ব্যবসারীরা যাতে বাংলাদেশে গিয়ে বিনিয়োগ করতে রাজি হন। তেমনি বাংলাদেশের ব্যবসায়ীরাও যাতে ভারতে এসে ব্যবসা বৃদ্ধি করতে পারেন সেসব বিষয় নিয়ে আলোচনা করা হবে।’

তোফায়েল আহমেদ এ দিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, পাকিস্তানের থেকে বাংলাদেশ অনেক এগিয়ে। তিনি বলেন, ভারতের সঙ্গে সব রকমের বাণিজ্য বৃদ্ধি ও সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ।

শুক্রবার থেকে কলকাতার বাইপাসের ধারে মিলনমেলা ময়দানে বসছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট।

এ দিন কলকাতার বিমানবন্দরে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানান পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু। এ সময় ছিলেন কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের উপরাষ্ট্রদূত জকি আহাদ, মুখ্য প্রেসসচিব মোফাকখারুল ইকবাল। তাঁকে বাংলার চিরাচরিত ঐতিহ্যের ধারা মেনে ঢাকের তালে তালে আর মাদলের ছন্দে প্রদীপ জ্বেলে বিমানবন্দরে স্বাগত জানানো হয়।

আরও পড়ুন