কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর রাতে উপজেলার রাজারকূলের ঘোনারপাড়ায় এ ঘটনা ঘটে বলে এই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম জানিয়েছেন।
নিহত ইয়াসমিন আক্তার টুম্পা (১১) একই এলাকার ফয়েজ আহমদের মেয়ে এবং রাজারকূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে আব্দুর রহিম জানান, ভোর রাতে হঠাৎ বন্য হাতির একটি দল লোকালয়ে তাণ্ডব শুরু করে। এসময় লোকজন আতংকিত হয়ে পালাতে শুরু করে।
এক পর্যায়ে ফয়েজ আহমদের বাড়িতে হানা দেয় হাতির দল। পরে একটি হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে টুম্পার মৃত্যু হয়।”
রাজারকুল ইউপি চেয়ারম্যান আবদুর রহিম জানিয়েছেন, রাতে আকষ্মিকভাবে বন্য হাতির পাল ঘোনারপাড়ার জনবসতিপূর্ণ এলাকায় তাণ্ডব শুরু করে। এসময় আতংকিত লোকজন চিৎকার শুরু করলে বিভিন্ন বসত বাড়ির লোকজন ঘুমন্ত অবস্থা থেকে জেগে পালাতে শুরু করে। বন্য হাতির পাল এক পর্যায়ে ফয়েজ আহমদের মাটির বাড়িটিতে ভাংচুর শুরু করলে বাড়ির সদস্যরা পালাতে চেষ্টা করে। কিন্তু পালানোর সময় বন্য হাতি স্কুল ছাত্রী ইয়াছমিন আকতার টুম্পাকে শুড় দিয়ে আটকে ধরে পা দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলে প্রাণ হারায় ওই ছাত্রী।
স্থানীয় বাসিন্দা রাজারকুল ইউনিয়ন পরিষদের সদস্য সাহাব উদ্দিন জানিয়েছেন, বন্য হাতি এলাকার ৮টি বসত বাড়ি ভাংচুর করেছে। এ ঘটনার পর থেকে এলাকায় আতংক বিরাজ করছে।
বন বিভাগের রাজারকুল রেঞ্জ কর্মকর্তা আমির হামজা জানিয়েছেন, বন্য হাতির হামলায় স্কুল ছাত্রীর মৃত্য হয়েছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে গুড়িয়ে দেওয়া ৪টি বাড়ি দেখেছেন। আশপাশে আরো কয়েকটি বাড়ি ভাংচুরের বিষয়টি তিনি শুনেছেন।


