শাহরুখ খান ও আমির খানবলিউড তারকা শাহরুখ খান ও আমির খানের নিরাপত্তা শিথিল করেছে মুম্বাই পুলিশ। এই দুই তারকা ছাড়া আরও বেশ ক’জন বলিউড তারকার ওপর থেকে নিরাপত্তা তুলে নেওয়া হচ্ছে। তবে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হচ্ছে অক্ষয় কুমার, মহেশ এবং মুকেশ ভাট, অমিতাভ বচ্চন, দিলীপ কুমার এবং লতা মুঙ্গেশকরকে।
শাহরুখ ও আমিরের নিরাপত্তা পর্যালোচনা করে মুম্বাই পুলিশ জানিয়েছে, এই দুই তারকারআর কোনো ঝুঁকি নেই। ফলে তাঁদের আর অতিরিক্ত নিরাপত্তার দরকার নেই। ভারতে ‘অসহিষ্ণুতা বাড়ছে’ এমন মন্তব্য করায় আমির ও শাহরুখের ওপর ভীষণ ক্ষিপ্ত হয়ে উঠেছিল দেশটির কয়েকটি রাজনৈতিক দলের কট্টর কর্মীরা। এ ঘটনার পরেই দুই তারকাকে দেওয়া হয় বাড়তি নিরাপত্তা।
এর আগে ২০১০ সালে ‘মাই নেম ইজ খান’ চলচ্চিত্রটিকে কেন্দ্র করে কট্টরপন্থীদের টার্গেট হয়েছিলেন ছবিটির নায়ক শাহরুখ খান। পরে ২০১৩ সালে সন্ত্রাসী হাফিজ সাঈদ শাহরুখকে পাকিস্তানে আশ্রয় দিতে চাইলে বিষয়টি আরও ঘোলাটে হয়ে ওঠে। অন্যদিকে ‘পিকে’ চলচ্চিত্রের জন্য আমিরকেও বিশেষ নিরাপত্তা দেওয়া হয় ওই একই বছরে। পরে ‘অসহিষ্ণুতা’ নিয়ে তাঁর মন্তব্যে আবারও ফুঁসে ওঠে কট্টরপন্থীরা।
বলিউডের আর যেসব তারকার ওপর থেকে নিরাপত্তা শিথিল করা হয়েছে তাঁরা হলেন, বিধু বিনোদ চোপড়া, রাজকুমার হিরানি, ফারাহ খান এবং প্রযোজক আলী এবং করিম মরানি।
বিভিন্ন সময়ে নিজেদের অভিনীত ছবির কারণে হুমকির সম্মুখীন হতে হয়েছে বলিউড তারকাদের। অক্ষয় কুমারকে তাঁর ‘খিলাড়ি ৭৮৬’ এবং ‘ওহ মাই গড’ ছবির জন্য হুমকি দেওয়া হয়। এমনকি ফোন আসে মাফিয়াদের কাছ থেকেও। অজ্ঞাত সন্ত্রাসী ও আন্ডারওয়ার্ল্ড থেকে হুমকি দেওয়া হয় দুই পরিচালক মহেশ ও মুকেশ ভাটকে।
তবে কিংবদন্তি হিসেবে অমিতাভ, দিলীপ কুমার ও লতা মুঙ্গেশকরের সার্বক্ষণিক নিরাপত্তা অক্ষুণ্ন রেখেছে দেশটির সরকার।


