কমিউনিস্ট চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের সোনায় মোড়ানো বিশালাকার একটি মূর্তি হঠাৎ ভেঙে ফেলা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে শুক্রবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কয়েকদিন ধরে মূর্তিটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পর আকস্মিক তা ভেঙে ফেলা হলো।
সরকারি অনুমোদন না থাকায় মূর্তিটি ভেঙে ফেলা হয়েছে বলে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।
মাও সেতুংয়ের বসে থাকার ভঙ্গিতে ৩৭ মিটার (১২১ ফুট) উচ্চতা মূর্তিটি নির্মাণ করা হয়েছিল চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হেনানের একটি গ্রামের খালি মাঠে।
এটি নির্মাণে ব্যয় হয়েছিল ৩০ লাখ ইউয়ান (৪ লাখ ৬০ হাজার ডলার)।
মাও সেতুংয়ের বিশালাকার মূর্তিটি হেনান প্রদেশে নির্মাণ করায় অনেক ইন্টারনেট ব্যবহারকারীই এর তীব্র সমালোচনা করেছিল।
কেননা গত শতাব্দীর পঞ্চাশের দশকে এই হেনান প্রদেশ আক্রান্ত হয়েছিল দুর্ভিক্ষে, যার জন্য মাও সেতুংয়ের অর্থনৈতিক নীতিমালাই দায়ী বলে মনে করা হয়। ভয়াবহ ওই দুর্ভিক্ষে প্রায় ৪ কোটি মানুষের প্রাণহানি হয়েছিল বলে ধারণা করা হয়।


