তিন বান্ধবী সমুদ্রের তীরে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন। সেলফি তোলায় এত মগ্ন ছিলেন সাগরের দিকে আর খেয়ালই করেননি। হঠাৎ বড় এক ঢেউ এসে ভাসিয়ে নিয়ে যায় তিন বান্ধবীর একজনকে। শনিবার মুম্বাইয়ের বান্দ্রা ওরলি সি লিংক ব্রিজের কাছে এই ঘটনা ঘটে।
মেয়েটিকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েছিলেন এক যুবক। ঢেউয়ের তোড় বেশি থাকার কারণে যুবকটি উদ্ধার করতে পারেননি মেয়েটিকে; নিখোঁজ আছেন তিনিও। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয় দুজনকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ অভিযান পরিচালনা করছে।
মেয়েটির বান্ধবীদের বরাত দিয়ে বান্দ্রা পুলিশের জ্যেষ্ঠ পরিদর্শক আর ধাবেল বলেন, মেয়েগুলো একটি পাথরের ওপর দাঁড়িয়ে সেলফি তুলছিলেন। তীর থেকে তাঁরা ৫০ মিটারের দূরত্বে ছিলেন। হঠাৎ করেই সাগরের পানি বেড়ে যায়। হঠাৎ বড় ঢেউ এসে একজনকে ভাসিয়ে নিয়ে যায়।
ধাবেল বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে। তিনি বলেন, মেয়েটির পরে যাওয়া দেখে ঘটনাস্থলে থাকা এক যুবক তাঁকে উদ্ধারে ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু সেই লোকটিও ঢেউ তোড়ের কারণে ভেসে যান।
মুম্বাই পুলিশের মুখপাত্র ডিসিপি ধনঞ্জয় কুলকার্নি বলেন, বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে ওই মেয়েগুলো পিকনিকে গিয়েছিলেন। বড় বড় ঢেউয়ের কারণে উদ্ধার অভিযানে সমস্যা হচ্ছে।


