বুধবার ৪ নভেম্বর ২০২৬

আবু সাঈদ খান দৈনিক প্রতিদিনের সংবাদের সম্পাদক হলেন

দৈনিক সমকালের ব্যবস্থাপনা সম্পাদক থেকে অব্যাহতি নেওয়া সিনিয়র সাংবাদিক আবু সাঈদ খান দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন।

শনিবার ৯ জানুয়ারি তিনি এই পত্রিকায় যোগ দিয়েছেন। সাংসদ মো. তাজুল ইসলাম পত্রিকাটির প্রকাশক ।

প্রতিদিনের সংবাদ পত্রিকাটি এতদিন সীমিত পরিসরে প্রকাশিত হলেও আবু সাঈদ খানকে নিয়োগ দেওয়ার মাধ্যমে বৃহত্তর পাঠকগোষ্ঠীর সামনে পত্রিকাটিকে আনার পরিকল্পনা করছেন প্রকাশক ও সাংসদ মো. তাজুল ইসলাম।

নতুন কর্মক্ষেত্রে যোগ দিয়ে আবু সাঈদ খান জানিয়েছেন, প্রতিদিনের সংবাদের নবযাত্রার পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে।

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত মার্চ মাসে পত্রিকাটির নবযাত্রা শুরু হবে। নতুন আইডিয়া আর চমক নিয়ে পাঠকের সামনে হাজির হবে পত্রিকাটি।

দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান মানবজমিন পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দৈনিক সমকাল পত্রিকায় প্রথমে সহকারী সম্পাদক ও সর্বশেষ ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে কাজ করেছেন।

মুক্তচিন্তার মানুষ আবু সাঈদ খান একজন লেখক। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণাধর্মী গ্রন্থের পাশাপাশি বাংলায় বিভিন্ন রাজনৈতিক স্লোগান বিষয়ক গ্রন্ধের প্রণেতা।

সজ্জন সাংবাদিক আবু সাঈদ খানের সম্পাদক হওয়ায় নিউজওয়ার্ল্ডবিডি ডট কমের পক্ষ থেকে শুভেচ্ছা।

আরও পড়ুন