বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাজধানীতে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

1_1265রাজধানীর হাজারীবাগ বউবাজারের চরকঘাটা এলাকায় মাসুম (২৫) নামে এক মাদকসেবীর ধারালো অস্ত্রের আঘাতে একই পরিবারের চারজন জখম হয়েছেন।

রোববার সকাল ৮টার দিকে হাজারীবাগ বউবাজারের চরকঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- জাহাঙ্গীর হোসেন (৪৮), তার স্ত্রী পারভীন আক্তার শান্তি (৪০), সন্তান সুজন (২২) ও সজল (১৮)। আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

সজলের দুলাভাই আব্দুল জব্বার জানান, চরকঘাটার তাজু মিয়ার মার্কেটের সামনে তাদের একটি ছোট হোটেল আছে। এ হোটেলে প্রায় প্রতিদিনই বাকি খেতেন স্থানীয় মাদকসেবী মাসুম। আজ সকালেও তিনি বাকি খেয়ে টাকা না দিয়ে উল্টো চাঁদা দাবি করেন। এ ঘটনায় কথা কাটাকাটির এক পর্যায়ে পাশের কসাইয়ের দোকান থেকে একটি ধারালো ছুরি এনে সজলের মাথায় ও হাতে, সুজনের পায়ে ও হাতে কোপায় মাসুম। এ সময় দু’জনের চিৎকারে পাশের বাসা থেকে মা পারভীন আক্তার শান্তি এগিয়ে আসলে তাকেও কুপিয়ে আহত করা হয়। এ সময় সজল ও সুজনের বাবা জাহাঙ্গীর হোসেনও আহত হয়েছেন।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক জানান, আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন