বুধবার ৪ নভেম্বর ২০২৬

পে স্কেলের জটিলতা আমলাতান্ত্রিক ব্যর্থতা: ইব্রাহীম খালেদ

Pay-Scaleবাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেছেন, পে-স্কেল নিয়ে জটিলতা সরকারের আমলাতান্ত্রিক ব্যর্থতা। ক্যাডার-ননক্যাডারদের মধ্যে একটি বৈষম্য সৃষ্টি করা হয়েছে। বেতন কাঠামো নিয়ে কোনো দ্বন্দ্ব কারও নেই। কেউ বেতন বৃদ্ধির কথাও বলছে না। পদবৈষম্যই এখানে মূল সংকট। আমলারা ক্যাডার স্তরে নিজেদের ঠিক রেখে ননক্যাডারদের কিছুটা নিচে রাখার চেষ্টা করেছেন। সচিব পর্যায়-ই এ বৈষম্য তৈরি করতে ভূমিকা রেখেছে। আমার কাছে মনে হয়েছে সাবেক আমলা থেকে যারা মন্ত্রী হয়েছেন তারাও বিষয়টি সমর্থন দিয়েছেন। আর এতেই সংকট তৈরি হয়েছে।

তিনি বলেন, শিক্ষক, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা যারা ননক্যাডারভুক্ত তাদের পদমর্যাদা আমলাদের নিচে থাকতে হবে— এ মানসিকতা এখানে ভূমিকা রেখেছে। কিন্তু অবস্থান বিবেচনা থেকে সব হওয়া উচিত ছিল।

তিনি আরও বলেন, পে-স্কেলের কমিটির এখানে কোনো ভূমিকা নেই। তাদের কাজ ভিন্ন। আমলারাই সব করেছেন, এতে কোনো সন্দেহ নেই। এখন সবাইকে আন্দোলনে নামিয়ে দেওয়া হয়েছে।

ইব্রাহিম খালেদ বলেন, এ বৈষম্য দূর করতে রাজনৈতিক হস্তক্ষেপ প্রয়োজন। রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। আমলারা যা করেছেন তা রাজনৈতিক নেতৃত্ব করবেন না। সবাইকেই তারা সমান দৃষ্টি থেকে বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। আমলাদের হাতে দায়িত্ব দিলে আবারও সংকট থেকে যাবে।

তিনি বলেন, সমাধান করা খুব সহজ। যে দাবি নিয়ে আন্দোলন হচ্ছে তাতে বেতন বৃদ্ধির দরকার নেই। কেউ তা বলছেনও না। তাহলে কেন সরকার উদ্যোগ নেবে না। রাজনৈতিক হস্তক্ষেপ হলে এ সংকট অনেক আগেই সমাধান হয়ে যেত। সরকারের পক্ষ থেকে যা বলা হচ্ছে তাতে সংকট আরও বেশি বাড়বে। ক্যাডারদের পদমর্যাদা সবার ওপরে থাকবে— এ মানসিকতা থেকে সরে আসতে হবে।

আরও পড়ুন