বুধবার ৪ নভেম্বর ২০২৬

মাদ্রাসা ছাত্র-মুসুল্লিদের ধাওয়ার মুখে নায়িকা মৌসুমী

চিত্রনায়িকা মৌসুমী গিয়েছিলেন কিশোরগঞ্জে। সেখানে রোববার সন্ধ্যার পর আরএফএল এর একটি প্লাষ্টিক পণ্যের শো রুম উদ্বোধন করার কথা ছিল। কিন্ত অনুষ্ঠান শুরুর সময় মুসল্লি, পুলিশ ও মৌসুমী ভক্তদের মধ্যে ত্রিমুখী ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের প্রাণকেন্দ্র শহিদী মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও একাধিক সূত্রে জানা গেছে, রবিবার চিত্রনায়িকা মৌসুমী কিশোরগঞ্জ জেলা শহরের পুরান থানা এলাকায় শহীদি মসজিদের পাশে আরএফএল প্লাস্টিক কোম্পানির শোরুম উদ্বোধন করতে আসার কথা। মৌসুমী আসার কথা শুনে সন্ধ্যায় মৌসুমীর হাজারো ভক্ত শহীদি মসজিদের সামনে ভিড় জমায়।

মৌসুমী শোরুমে আসার আগে অপেক্ষমান ভক্তদের বিনোদনের উদ্দেশ্যে আয়োজকরা প্রজেক্টেরের মাধ্যমে মৌসুমীর বিজ্ঞাপণ প্রচার শুরু করে। এসময় পাশের মসজিদের মুসল্লীরা ক্ষিপ্ত হয়ে উঠে। মুসল্লি ও মাদ্রাসার ছাত্ররা লাঠিসোঠা নিয়ে ওই শো রুমের সামনে মৌসুমী ভক্তদের ধাওয়া দেয়। এসময় তাদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশ, মুসল্লি ও ভক্তদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়নের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর শুনে মৌসুমী তার গাড়ি নিয়ে পুলিশের হেফাজতে থানায় আশ্রয় নেন। পরে থানা থেকে রাত ৮টার দিকে তিনি ঢাকায় ফিরে যান বলে জানা গেছে।

আরও পড়ুন