১৮ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এদের মধ্যে ১৩ জেলায় নতুন এবং ৫ জেলা প্রশাসককে রদবদল করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
আদেশে পাবনার ডিসি কাজী আশরাফ উদ্দিনকে রাজশাহী, বান্দরবানের ডিসি মো. মিজানুল হক চৌধুরীকে ঝালকাঠি, সাতক্ষীরার ডিসি নাজমুল আহসানকে খুলনায়; পঞ্চগড়ের ডিসি মো. সালাহ উদ্দিনকে ঢাকায় এবং পিরোজপুরের ডিসি এ কে এম শামীমুল হক সিদ্দিকীকে পটুয়াখালীতে বদলি করা হয়েছে।
অপর এক আদেশে ১৩ জন উপসচিবকে জেলা প্রশাসক পদে নিয়োগ দেয়া হয়েছে। এরা হলেন, হায়ার এডুকেশন কোয়ালিটি অ্যান্ড এনহেন্সমেন্ট প্রজেক্টের প্রকিউরমেন্ট অফিসার মাহমদুল হোসাইন খানকে শরীয়তপুর, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অফিসের ডেপুটি ম্যানেজার মো. বশিরুল আলমকে বরগুনায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিন উল আহসানকে ফেনীতে, জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিনকে সাতক্ষীরা, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব জাহিদুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মুশফিকুর রহমানকে নেত্রকোনা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. খায়রুল আলম শেখকে পিরোজপুর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপপরিচালক অমল কৃষ্ণ মণ্ডলকে পঞ্চগড়, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. খলিলুর রহমানকে পাবনা, বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. সেলিম উদ্দিনকে ভোলা, হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দিলীপ কুমার বণিককে বান্দরবান, অর্থ বিভাগের উপসচিব জিনাত আরাকে রাজবাড়ী এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব রেখা রাণী বালুকে নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেয়া হয়েছে।


