চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ নজরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এদিকে মঙ্গলবার রাতে পুলিশ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সংরক্ষিত আসনের নবনির্বাচিত কাউন্সিলর মোসলেমা বেগম মুসি ও শাকেরা খাতুনকে আটক করেছে। দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়।
মেয়র নজরুল ইসলাম বুধবার সকালে তাঁর বিরুদ্ধে বিচারাধীন হত্যা, নাশকতা, রাষ্ট্রীয় কাজে বাধাসহ সাতটি মামলায় জেলা ও দায়রা জজ আদালতসহ চারটি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এর মধ্যে আদালত দুটি মামলায় জামিন মঞ্জুর করলেও পাঁচটি মামলায় জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর মধ্যে একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নজরুল ইসলাম। পুলিশ ওই মামলায় মুখ্য বিচারিক হাকিম জুয়েল অধিকারীর আদালতে নজরুল ইসলামের ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত ২১ জানুয়ারি রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেন।
জেলা জামায়াতের আমির নজরুল ইসলামের আদালতে আত্মসমর্পণকে ঘিরে আজ আদালত এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয় এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।


