বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

হাসপাতালে শুধুই কাঁদছে রাব্বি: হবু স্ত্রী পাশে

Rabbi320160113115817ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ১০২ নম্বর ক্যাজুয়েলটি ওয়ার্ডের দরজাটা বাইরে থেকে বন্ধ। ফটকে দাঁড়ানো কর্তব্যরত আনসার জানালেন, বড় স্যার ভেতরে রাউন্ড দিচ্ছেন, তাই এ মুহূর্তে দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণ নিষেধ। পরিচয় পেয়ে কেন যেন কিছুটা সদয় হয়ে ভেতরে যাওয়ার অনুমতি দিলেন। ধীর পায়ে প্রবেশ করতেই ভেতরে সুনসান নীরবতা দেখা গেল। আমার দৃষ্টি তখন খুঁজে বেড়াচ্ছে এক নম্বর বেডের রোগীকে। ওই বেডের সামনে যেতেই রোগীর গোঙানি শোনা গেল। এসময় ওই বেডে মলিন চোহারার এক যুবককে কম্বল মুড়িয়ে জড়োসড়ো হয়ে শুয়ে থাকতে দেখা গেল। তার দুচোখ বন্ধ বলেই মনে হলো। নাম ধরে ডাকতেই চমকে উঠে বিছানায় উঠে বসলেন। চোখে মুখে কেমন যেন ভয়ার্ত ভাব। কেমন আছেন জিজ্ঞেস করতেই ক্ষীণ সুরে বিড় বিড় করে বললেন, ভালো না, শান্তিতে কয়েক ঘণ্টা ঘুমাতে পারলে হয়তো ভালো লাগতো। ৩/৪ দিন যাবত কেন জানি একেবারেই ঘুম আসছে না। রাতে ঘুমের ওষুধও খেয়েছিলাম। কয়েকবার চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করেও লাভ হয়নি।

পুলিশি নির্যাতনের শিকার বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বি বুধবার সকালে এ প্রতিবেদকের কাছে এভাবেই তার বর্তমান অবস্থা জানান। এ প্রতিবেদকের উপস্থিতিতেই সেখানে হাজির হন তৃষা নামের এক তরুণী। ওই তরুণী রাব্বির হাতে হাত রাখতেই শিশুর মতো অঝোরে কান্নায় ভেঙে পড়লেন রাব্বি। ওই তরুণী কিছুটা বিব্রত হয়ে রাব্বির মাথার চুলে আলতোভাবে হাত দিয়ে টানতে টানতে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন, তোমার কিছু হয়নি, তুমি ভয় পেয়োনা, খুব শিগগিরই সুস্থ হয়ে উঠবে।

সান্ত্বনা পেয়েও রাব্বির কান্না কমলো না, বরং বাড়লো। পরিচয় জানতে চাইলে ওই তরুণী জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্রী। কৌতুহল বশত রাব্বির সঙ্গে সম্পর্ক কি প্রশ্ন করতে লজ্জায় লাল হয়ে জানালেন, এই বন্ধু আর কি! এমন সময় সেখানে হাজির হন রাব্বিরই এক ছোট ভাই (বন্ধু) এসএম নজরুল ইসলাম। তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ছাত্র।

তিনি বললেন, বন্ধু মানে বুঝলেন না? এবার রা্ব্বি বললেন, তৃষার সঙ্গে তার পারিবারিকভাবে বিয়ের কথাবার্তা চলছে।

নজরুল জানান, সে রাতে পুলিশ রাব্বিকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে, হাতে ও পায়ে লাঠি দিয়ে আঘাত করে। এক পর্যায়ে গলা টিপে ধরে। গলার ব্যথায় পানিও খেতে কষ্ট হচ্ছে। বুটের লাথিতে পায়ে কালচে দাগ ও ডান হাতের কনুইতে ব্যান্ডেজ মোড়ানো হয়েছে। রাব্বি শারীরিক আঘাতের চেয়ে মানসিক আঘাত বেশি পেয়েছেন বলেও জানান তিনি।

কর্তব্যরত এক চিকিৎসক জানান, রাব্বির সিটি স্ক্যান করা হয়েছে। তেমন খারাপ কিছু পাওয়া যায়নি। তাকে মনোচিকিৎসক দেখানো হবে বলেও জানান তিনি।

রাব্বি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সকলেই তার নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন।

নজরুলসহ রাব্বির আরও কয়েকজন বন্ধু ও ছোট ভাইয়েরা জানান, তারা কেউ পারতপক্ষে সেদিনের কথা রাব্বির সামনে বলছেন না। কেউ সেদিনের কথা বললেই তিনি কেঁদে ফেলছেন। তিনি কিছুতেই সেই বিভীষিকাময় রাতের কথা ভুলতে পারছেন না।

কোনো সরকারি কর্মকর্তা ও সাবেক গণমাধ্যম কর্মী হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে রাব্বির দাবি জানিয়ে বলেন, উপ-পরিদর্শক (এসআই) মাসুদের মতো কর্মকর্তাকে পুলিশ বিভাগে যেন না রাখা হয়।
দুই চোখে ঘুম নেই:
ঘটনার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত রাব্বি কিছুতেই দু`চোখের পাতা এক করতে পারছেন না। চিকিৎসকের পরামর্শে ঘুমের ওষুধ খাইয়েও ঘুম পাড়ানো যাচ্ছে না তাকে।

হঠাৎ করে উচ্চরক্তচাপও বেড়ে গেছে। এলোপাতারি কিল, ঘুষিতে ঘাড়ে ও লোহার রডের আঘাতে পায়ের ব্যাথাতে বারবার কুঁকড়ে উঠছেন। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও সহকর্মীরা সব সময় পাশে থেকে সান্ত্বনা দিলেও ভয়ঙ্কর সেই রাতের পুলিশের দানবরূপী আচরণ ও নির্যাতনের ঘটনা কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছে না রাব্বি।

ঘটনার তিনদিন পরও ক্ষণেক্ষণে সে আতঁকে উঠছে। পরিচিত কেউ তার কাঁধে হাত রাখলেই দু`চোখ বেয়ে কান্না ঝরছে তার। দিন কয়েক আগেও সম্পূর্ণ সুস্থ হাসিখুশি মনের উচ্চশিক্ষিত ও ভদ্র একজন সরকারি কর্মকর্তার এহেন দশা দেখে সকলেই চিন্তিত।

এ ব্যাপারে জানতে চাইলে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের সহকারী অধ্যাপক মনোচিকিৎসক ডা. হেলালউদ্দিন বলেন, তাদের ভাষায়, একিউট স্ট্রেস ডিজঅর্ডার (তীব্র মানসিক চাপ) জনিত সমস্যার কারণে এ ধরনের সমস্যা হয়ে থাকে।

তীব্র মানসিক চাপের কারণে এ ধরনের রোগীদের স্বাভাবিক ঘুম নষ্ট হয়। চোখের সামনে পুরোনো ঘটনা বার বার ভেসে ওঠে। মোবাইল বাজার শব্দে কেউ কেউ ভয় পেয়ে যায়। তিনি রাব্বিকে একজন মানসিক বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর পরামর্শ দেন।

রাব্বির বিশ্ববিদ্যালয়ের বন্ধু আন্তজার্তিক সম্পর্ক বিভাগের সহপাঠী রনি রাত সোয়া ১০টায় এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে জানান, সুচিকিৎসার্থে রাব্বিকে মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাজুয়েলটি বিভাগে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়।

চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে ব্যথা হ্রাস ও ঘুমের ওষুধ দিয়েছেন। তাদেরকে ডেকে বলেছেন, তার পরিপূর্ণ বিশ্রাম প্রয়োজন। রাতে তাকে ঘুমানোর ওষুধ খাইয়ে দেয়ার পরও সে ঘুমাতে চাইছে না।

উল্লেখ্য, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মোহাম্মদপুর বিহারী ক্যাম্প এলাকা থেকে আসাদ গেইট পর্যন্ত হয়রানির শিকার হন রাব্বি। নগদ ৫ লাখ টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয় পুলিশ। পরে রেডিও ধ্বনির সাংবাদিক জাহিদ হাসানসহ তিনজন খবর পেয়ে তাকে উদ্ধার করেন।

তবে অভিযুক্ত এসআই মাসুদ রাব্বিকে নির্যাতনের ঘটনা নিছক মিথ্যা বলে দাবি করছেন। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ তাকে ক্লোজড করা হয়েছে।

আরও পড়ুন