স্কটল্যান্ড থেকেই গত ডিসেম্বরে শুরু হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ট্যুর। সে ধারাবাহিকতায় ছয়টি দেশ ঘুরে এই ট্রফি এখন বাংলাদেশে। বৃহস্পতিবার পাকিস্তান থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে এই ট্রফি।
ঢাকায় আসার পর এই ট্রফি নিয়ে যাওয়া হয় ধানমণ্ডিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানের অফিসে। সেখান থেকে বিকেলে রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে নিয়ে যাওয়া হবে দর্শনার্থীর জন্য।
বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত বসুন্ধরায় দর্শকদের জন্য ট্রফিটি প্রদর্শন করা হবে। শুক্রবারও ঢাকায় থাকবে এই ট্রফি, সকাল ১০টা থেকে বিকেল ৩টায় বসুন্ধরা শপিংমলে উন্মুক্ত রাখা হবে। ক্রিকেটপ্রেমীরা লাইনে দাঁড়িয়ে ট্রফিটি দেখার সুযোগ পাবেন, তুলতে পারবেন ট্রফির সঙ্গে ছবিও।
শনিবার ঢাকা থেকে এই ট্রফি শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হবে। ১৭-১৮ জানুয়ারি এ দুই দিন টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি শ্রীলঙ্কায় থকবে। এর পর নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া হয়ে ১ ফেব্রুয়ারি ভারতে যাবে ট্রফিটি। এ বছর ৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
এর আগে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানে এই ট্রফি দুদিন করে রাখা হয়েছিল।


