বাড়ছে রেলের ভাড়া। আগামী ফেব্রুয়ারি মাস থেকে সারা দেশে ৭.৮ শতাংশ হারে রেলের ভাড়া বাড়ানোর সুপারিশ করেছে রেল মন্ত্রণালয়। এই সুপারিশ এখন অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে।
শুধু তাই নয়, রেলের লোকসান কমাতে এখন থেকে প্রতি বছরই ভাড়া বাড়ানো হবে বলে জানিয়েছেন রেল মন্ত্রণালয়ের সচিব এম ফিরোজ সালাহউদ্দিন।
ভাড়া বাড়ানোর পরিকল্পনা সম্পর্কে জানান রেলমন্ত্রী মুজিবুল হক। এ সময় এক প্রশ্নের জবাবে প্রতি বছর ভাড়া বাড়ানোর বিষয়টি জানান সচিব।
রেলমন্ত্রী বলেন, ‘রেলওয়ের সেবার মান উন্নত করার জন্য ভাড়া বাড়ানো হচ্ছে। যাত্রীদের জন্য সহনীয় পর্যায়েই ভাড়া বাড়বে। তারপরও এই ভাড়া অন্য পরিবহনগুলোর চেয়ে কম হবে।’
এ সময় এক প্রশ্নের জবাবে রেল মন্ত্রণালয়ের সচিব এম ফিরোজ সালাহউদ্দিন বলেন, কোনো মুনাফার জন্য নয় বরং রেলের এক হাজার কোটি টাকার ক্ষতির পরিমাণ কমাতেই ৭.৮ শতাংশ হারে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতি বছরই একটি নির্দিষ্ট হারে রেলের ভাড়া বাড়বে বলেও জানান সচিব। তবে প্রতি বছর বাড়ানো হলেও এর হার ৭.৮ শতাংশের চেয়ে বাড়বে না বরং কমবে বলেও জানান তিনি।
এর আগে ২০১২ সালে দীর্ঘ ২০ বছর পর ভাড়া বাড়ায় বাংলাদেশ রেলওয়ে। কোনো কোনো রুটে প্রায় দ্বিগুণ হারে বাড়ানো হয় ভাড়া। এর তিন বছর পর আবার ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে রেল কর্তৃপক্ষ।
মুজিবুল হক সাংবাদিকদের আরো জানান, কমলাপুর, ক্যান্টনমেন্ট ও চট্টগ্রাম রেলস্টেশনের মতো পর্যায়ক্রমে দেশের সব স্টেশনকে ওয়াই-ফাই সংযোগের আওতায় আনা হবে। এ ছাড়া ভবিষ্যতে চলন্ত ট্রেনের কামরাতেও ওয়াই-ফাই সুবিধা পাওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।


