বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না: ডিএমপি কমিশনার

Asaduzzaman+Mia_2ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘পুলিশের কেউ যদি অপরাধের সঙ্গে জড়িয়ে যায় তবে এর দায় তাকেই নিতে হবে। কারো ব্যক্তিগত অপরাধের দায় নেবে না পুলিশ। অপরাধের শাস্তিও তাকেই পেতে হবে।’

সম্প্রতি এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের এক সহকারী পরিচালককে নির্যাতন ও হয়রানির অভিযোগ প্রসঙ্গে বৃহস্পতিবার ডিএমপি সদর দফতরে এক সভায় এসব কথা বলেন তিনি। সভায় উপস্থিত একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

তিনি বলেন, ‘পুলিশ সদস্যদের অপরাধ শূণ্যের কোটায় নিয়ে আসতে চায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।’

পুলিশের একজন কর্মকর্তা সমকালকে বলেন, এসআই মাসুদকে নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় পুলিশকে বিব্রত হতে হয়েছে। কমিশনার বিষয়টি উল্লেখ করে সবাইকে সতর্ক করেছেন।

সভায় পুলিশকে আরো গতিশীল ও জনবান্ধব করার ওপরও গুরুত্ব আরোপ করা হয়। এ লক্ষ্যে প্রতিটি থানা এলাকায় বিট পুলিশিংকে আরো শক্তিশালী করার কথা বলেন তিনি।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতন ও ক্রসফায়ারের হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা আদায়ের চেষ্টা করার অভিযোগ ওঠে মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদারের বিরুদ্ধে। গত সোমবার তেজগাঁও জোনের উপ-কমিশনার তাকে প্রত্যাহার করে নিজ কার্যালয়ে সংযুক্ত করেন। রোববার মাসুদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ওই ব্যাংক কর্মকর্তা।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার শেখ মারুফ হাসান সমকালকে বলেন, সভায় বিট পুলিশিং জোরদাড়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন ডিএমপির আওতাধীন প্রতিটি থানার পরিদর্শক ও ওসি, বিভিন্ন বিভাগের এসি, এডিসি ও ডিসিসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন