বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

পুলিশ সদস্যের ব্যক্তিগত বিচ্যুতির দায় ডিপার্টমেন্ট নেবে না

monirul1429355652_287324_1792কোনো পুলিশ সদস্যের ব্যক্তিগত বিচ্যুতির দায় ডিপার্টমেন্ট নেবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে অপরাধ সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি একথা জানান।

মনিরুল ইসলাম বলেন, সম্প্রতি শাহবাগ, যাত্রাবাড়ি ও মোহাম্মদপুরে পুলিশ সদস্যরা যেসব অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে সেসব ঘটনার তদন্ত হচ্ছে। অনেক ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থাও নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, যাত্রাবড়িতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কমর্তাদের ওপর পুলিশের নির্যাতনের ঘটনা তদন্তে ডিএমপি ও পুলিশ সদর দফতর থেকে দুটি কমিটি গঠন করা হয়েছে। পুলিশ সদর দফতরের ডিআইজি হারুন অর রশিদের নেতৃত্বে ৩ সদস্যের যে কমিটি করা হয়েছে আমরা সে রিপোর্টকেই অধিকতর গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেব।

পুলিশ সদস্যরা যেন অন্যায় কাজে জড়িয়ে না পড়েন সে জন্য কাউন্সিলিং ও ব্রিফিংয়ের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

এক প্রশ্নের জবাব মনিরুল ইসলাম বলেন, সাদা পোশাকে দায়িত্ব পালন করতে হলে পুলিশ সদস্যদের অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করতে হয়।

যাত্রাবাড়ি এবং মোহাম্মদপুরের ঘটনায় সংশ্লিষ্ট থানার ওসি কিম্বা ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত কি না তা তদন্ত কমিটি খতিয়ে দেখছে বলেও জানান মনিরুল ইসলাম।

এছাড়া শাহাবাগে মদ্যপ পুলিশ কর্তৃক সাংবাদিক নির্যাতনের ঘটনা সম্পর্কে যে তদন্ত কমিটি গঠিত হয়েছিল সে তদন্তের বিষয়ে এই মুহূর্তে তার কাছে তথ্য নেই বলেও জানালেন মনিরুল ইসলাম।

আরও পড়ুন