ইরানের রাজধানী তেহরানে সৌদি আরবের কনস্যুলেটে হামলা পরবর্তী আরব বিশ্বের দেশগুলোর মধ্যে তৈরি হওয়া কূটনৈতিক অস্থিরতা নিয়ে করণীয় নির্ধারণে মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) জরুরি সভা আহ্বান করেছে। আগামী বৃহস্পতিবার সংস্থার সদর দপ্তর জেদ্দায় সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠক আহ্বান করা হয়েছে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোববার সন্ধ্যার পর সৌদি আরব থেকে এই তথ্য আসে। এতে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী যোগ দিতে যাবেন বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ওআইসির সেক্রেটারি জেনারেল আইয়্যাদ আমিন মাদানি সৌদি পররাষ্ট্রমন্ত্রী আবেল আল জুবায়েরের কাছ থেকে মূলত বৈঠক আহ্বানের পরামর্শ পেয়েছেন। এ ব্যাপারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ওআইসি সেক্রেটারি জেনারেলকে চিঠি দিয়েছেন। এরইমধ্যে বেশির ভাগ সদস্য রাষ্ট্র বৈঠকের ব্যাপারে অনুমোদনও দিয়েছে। এরপরই বৈঠক ডাকা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা যায়, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর বৈঠকে যোগ দেওয়ার সম্ভাবনা আছে।


