বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিমান ও নৌ বাহিনী প্রধানের পদমর্যাদা বাড়ল

PID_Comboসরকার নৌবাহিনী প্রধানের পদবি ‘ভাইস এডমিরাল’ থেকে ‘এডমিরাল’ এবং বিমান বাহিনী প্রধানের পদবি ‘এয়ার মার্শাল’ হতে ‘এয়ার চিফ মার্শাল’-এ উন্নীত করেছে।

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।

সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাঁর কার্যালয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিবকে এডমিরাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরারকে এয়ার চিফ মার্শাল র‍্যাঙ্ক ব্যাজ পর্যায়ক্রমে পরিয়ে দেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়াল, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মইনুল ইসলাম ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

র‍্যাঙ্ক ব্যাজ পরিধান শেষে নৌবাহিনী প্রধান এডমিরাল এম ফরিদ হাবিব নৌসদর দপ্তরে এসে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

এ সময় নৌ সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, সব পরিদপ্তরের পরিচালক ও ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক অফিসাররা উপস্থিত ছিলেন।

অপরদিকে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার র‍্যাঙ্ক ব্যাজ পরিধান শেষে বিমান বাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট তাঁকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

এ সময় আবু এসরার বিমান বাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি দেশ ও জাতির অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতে অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, সপ্তম বেতন কাঠামোতে সেনাপ্রধানের বেতন নির্ধারিত থাকলেও নৌ ও বিমানবাহিনীর প্রধান বেতন পেতেন লেফটেন্যান্ট জেনারেলের র‌্যাংকে। গত ৭ সপ্টেম্বর মন্ত্রিসভায় অষ্টম বেতন কাঠামো অনুমোদন দিয়ে তিন বাহিনীর প্রধানদের জন্য একই বেতন ও র‌্যাংক নির্ধারণ করে সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামোও অনুমোদন করা হয়।
এ ব্যাপারে মন্ত্রিপরিষদ সচিব সেদিন বলেন, “কেবিনেট সিদ্ধান্ত নিয়েছে, তিন বাহিনীর প্রধানের বেতন সমান হওয়া সমীচীন। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, নৌ বাহিনী এবং বিমান বাহিনী প্রধানের র‌্যাংক আপগ্রেড করা হবে। কাজেই তিন বাহিনীর প্রধানের নির্ধারিত বেতন হবে ৮৬ হাজার টাকা।”

অর্থাৎ, তিন বাহিনীর প্রধানরা এখন থেকে মন্ত্রিপরিষদ সচিব এবং মুখ্য সচিবের সমান বেতন পাবেন।

আরও পড়ুন