বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সরকার দেশকে কারাগারে পরিণত করেছে

fakhrul1_187169সরকার দেশকে কারাগারে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার সারাদেশকে কারাগারে পরিণত করেছে। বিএনপি ও ছাত্রদলের এমন কোনও নেতা নেই যাদের বিরুদ্ধে মামলা নেই এবং নির্যাতিত হননি।’

তিনি বলেন, ‘এসব ষড়যন্ত্রের মোকাবেলা করে আমাদের ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে দেশের মানুষের মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ সামনে এগিয়ে যেতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘যে গার্মেন্ট শিল্পের ওপর ভর করে দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে তা শুরু করেছিলেন জিয়াউর রহমান। এছাড়া মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তিনি উচ্চ ফলনশীল ইরি ধানের বীজ দেশে এনেছিলেন এবং এর চাষ শুরু করেছিলেন। এ কারণে দেশের ১৬ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে।’

তিনি বলেন, ‘জিয়াউর রহমান শুধু স্বপ্ন দেখাননি, কাজ করে স্বপ্নের বাস্তবায়নও শুরু করেছিলেন।’

ফখরুল অভিযোগ করেন, ‘যে নায়ক দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। এখন তাকে খলনায়ক বানানোর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র সফল হবে না। কারণ এদেশের কোটি কোটি মানুষ তাকে হৃদয়ে শ্রদ্ধার আসনে বসিয়েছেন। তাকে সেখান থেকে নামানো যাবে না।’

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোস্তাফিজুর রহমান প্রমুখ।

আরও পড়ুন