দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (সাধারণ, মাদ্রাসা, কারিগরি ও ইংরেজি মাধ্যম) ফটকে পোশাকধারী নিরাপত্তা প্রহরী মোতায়েনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ মঙ্গলবার মন্ত্রণালয় এ বিষয়ে পরিপত্র জারি করে বলেছে, নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ পরিপত্রের কথা জানানো হয়।
পরিপত্রে শিক্ষকদের সমন্বয়ে সার্বিক নিরাপত্তা সংক্রান্ত ‘ভিজিল্যান্স টিম’ গঠনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া ক্লাস চলাকালে শিক্ষক-কর্মচারী ছাড়া প্রতিষ্ঠানে অন্যদের অবস্থান নিয়ন্ত্রণ করারও নির্দেশ দেওয়া হয়েছে।
পরিপত্রে বলা হয়, ঢাকা মহানগরসহ অন্যান্য মহানগর ও জেলা সদরে স্থাপিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা মানসম্মত নয়। বিভিন্ন সময়ে নানা কারণে সৃষ্ট নাজুক পরিস্থিতিতে স্পর্শকাতর এসব শিক্ষাপ্রতিষ্ঠানে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। এতে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পাঠদান বিঘ্নিত হয় এবং শিক্ষা শৃঙ্খলা লঙ্ঘিত হয়। এতে সম্পদ ও জীবন ঝুঁকির মধ্যে পড়ে।


