বুধবার ৪ নভেম্বর ২০২৬

পূবালি ও পশ্চিমা লঘুচাপের মিলনের ফলেই সারাদেশে বৃষ্টিপাত

Rain1444721433পূবালি লঘুচাপ ও পশ্চিমা লঘুচাপের মিলনের ফলেই সারাদেশে বুধবার বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে। আজ মধ্যরাতে আকাশ অনেকটা পরিস্কার হয়ে যাবে বলেও আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে। তবে বৃহস্পতিবার উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রাতের মধ্যে আকাশ পরিস্কার হয়ে যাওয়ার ফলে রংপুর দিনাজপুর, বগুড়া অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরে ডিউটি ফোরকাস্টিং অফিসার কালের কণ্ঠকে জানান, পূবালি লঘুচাপ ও পশ্চিমা লঘুচাপের মিলনের ফলে বুধবার সারাদেশে বৃষ্টিপাত হয়েছে।

অনেক এলাকায় বৃষ্টির কারণে তাপমাত্রা কমতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে, আগামী কয়েকদিন জেঁকে বসতে পারে শীত। কোনো কোনো এলাকায় হতে পারে ‘মাঘের শীতে বাঘ পালানোর’ দশাও। কারণ জানুয়ারির শেষ দিকে (মাঘ মাসের মাঝামাঝি) হতে পারে তীব্র শৈত্যপ্রবাহ (তাপমাত্রা ৪-৬ ডিগ্রি সেলসিয়াস)।

আবহাওয়া অফিস জানিয়েছে, পূবালী লঘুচাপ আর আরব সাগর থেকে ভেসে আসা প্রচুর মেঘের কারণে দেশের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হচ্ছে; বিরাজ করছে ঘন কুয়াশাও।

এদিন ঢাকা, রাজশাহী, ঈশ্বরদী, বগুড়া, বদলগাছি, তাড়াশ, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, ডিমলা, রাজারহাট, টাঙ্গাইল ও ময়মনসিংহে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে।

ঘন কুয়াশা বিরাজ করেছে ঢাকায়ও। বেলা ১১টার দিকে একটু রোদেলা পরিবেশের আভাস মিললেও কুয়াশার কারণে দেখা মেলেনি সূর্যের। বৃষ্টির কারণে খুলনায় বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি ম্যাচ বন্ধ ছিল কিছুক্ষণ।

আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. রাশেদুজ্জামান বলেন, বাতাসে আর্দ্রতা বেশি হওয়ায় (৮১ শতাংশ) ও পূবালী লঘুচাপের কারণে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের অনেক জায়গায় মঙ্গলবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ‍শুরু হয়। বুধবারও তা হয়েছে। এর প্রভাবে রাতে কোথাও কোথাও তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

“বৃহস্পতিবারও এমন আবহাওয়া বিরাজ করতে পারে। তবে এখন কোথাও শৈত্যপ্রবাহ নেই। কাল রাত থেকে তাপমাত্রা কমবে। বৃহস্পতিবার থেকে কয়েকদিন জেঁকেও বসতে পারে শীত। কোথাও কোথাও তীব্র শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে।”

মো. রাশেদুজ্জামান জানান, স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে বঙ্গোপসাগরে। পূবালী লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এর প্রভাবে বৃহস্পতিবার রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবারের সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায়  সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিন দেশের অধিকাংশ এলাকায় ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে, ২৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার সারা দেশে রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।

আরও পড়ুন