গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে কাটাখালি ব্রিজ এলাকায় অজ্ঞাতপরিচয়ে দুই যুবককে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ভোরে উপজেলার করতোয়া নদীর সিসি ব্লকের উপর থেকে ওই দুই যুবকের লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে করতোয়া নদীর সিসি ব্লকের উপরে অজ্ঞাতপরিচয় দুই যুবকের পোড়া লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, আগুনে দুই যুবকের মুখমণ্ডল, বুক ও হাত-পা ঝলছে গেছে। গায়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ায় তাদের চেনা যাচ্ছে না। তবে তাদের বয়স ২২-২৫ হবে।
ধারণা করা হচ্ছে, বুধবার রাতের যে কোনো সময় অন্য কোথাও তাদের হত্যা করা হয়। এরপর গায়ে আগুন দিয়ে পুড়িয়ে করতোয়া নদীর সিসি ব্লকের উপরে লাশ ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
নিহতদের পরনে জিন্স, গ্যাবাডিন প্যান্ট ও পায়ে দামি জুতা রয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।


