রাজধানীর কল্যাণপুরের পোড়া বস্তিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল ১০টার দিকে ওই বস্তিতে আগুন লাগে। গতকালের গণপূর্ত মন্ত্রণালয়ের উচ্ছেদ অভিযানের চেষ্টার পর এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার জানান, সকালে ৯টা ৫৫মিনিটে ওই বস্তিতে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিট তাৎক্ষণিক গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঠিক কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা তিনি জানাতে পারেননি।
বৃহস্পতিবার দুপুর ১২টায় বস্তিতে উচ্ছেদ অভিযানে নামে গণপূর্ত মন্ত্রণালয়। এ সময় অভিযানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বস্তিবাসীদের ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষে রুপ নেয়।
বস্তির বাসিন্দারা দফায় দফায় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এ সময় পুলিশের এক সদস্যসহ বেশ কয়েকজন বস্তিবাসী আহত হন। দুপুরেই বস্তি উচ্ছেদ কার্যক্রমে তিনমাসের নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। পাশাপাশি যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া ওই বস্তি উচ্ছেদ ও বস্তির বাসিন্দাদের হয়রানি না করতেও নির্দেশ দেয়া হয়।


