বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী পালন করবে বিএনপি।
২৪ জানুয়ারি আরাফাত রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর ভাসানী মিলনায়তনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। আসরের নামাজের পর এই দোয়া অনুষ্ঠিত হবে।
বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছেন।
গত বছরের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান। ওই দিন বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে অসুস্থ অবস্থায় মালয়েশিয়ার ন্যাশনাল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।
পরে ২৮ জানুয়ারি আরাফাত রহমানের মরদেহ দেশে আনা হয়। ওই দিনই বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।


