বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি আলতাফ মাহমুদ আর নেই। রোববার সকাল ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীঘদিন ধরে তিনি সার্ভিক্যাল কমপ্রেসিভ মাইলো রেডিকিউলোপ্যাথি নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতির ঘটলে শনিবার রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়।
এদিকে উন্নত চিকিৎসার জন্য বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তাকে ১০ লাখ টাকাও অনুদান দেয়া হয়।
সৎ ও নির্ভীক এই সাংবাদিক দুই মেয়ে আইরিন মাহমুদ ও আফরিন মাহমুদ ও ছেলে হাসিব মাহমুদ তপুর জনক। বড় মেয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার, ছোট মেয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে বিবিএর ছাত্রী। ছেলে বাবার মতো সাংবাদিকতাকে পেশা হিসেবে নিয়েছেন। বর্তমানে বাংলাদেশ সংবাদ সংস্থায় কর্মরত।
অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক ছিলেন আলতাফ মাহমুদ। ফেডারেশনের মহাসচিবও ছিলেন। ডিইউজের সবচেয়ে বেশিবার নির্বাচিত সভাপতি তিনি।
আলতাফ মাহমুদের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


