বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। সোমবার সন্ধ্যায় গুলশানে খালেদা জিয়ার বাসায় এই বৈঠক হয়।
বৈঠক শেষে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের সব রাজনৈতিক দলকে শান্তিপূর্ণভাবে তাদের মতামত তুলে ধরার আহ্বান জানিয়েছেন মার্শা বার্নিকাট। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে বিএনপির চেয়ারপারসনের মতামত ও ভাবনা জানতে পারার সুযোগকে বার্নিকাট সাধুবাদ জানান। গণতন্ত্রের প্রতি বাংলাদেশের অঙ্গীকার দেশটির উন্নয়নে প্রয়োজনীয় ভূমিকা রেখেছে বলে তিনি মন্তব্য করেন।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান সাংবাদিকদের বলেন, কূটনীতিকদের সঙ্গে নিয়মিত বৈঠকের অংশ হিসেবে ওই বৈঠক হয়েছে। বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, গণতান্ত্রিক পরিবেশ, রাজনীতি, অর্থনীতি, আইনশৃঙ্খলা, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। অতীত থেকে শিক্ষা নিয়ে কীভাবে গণতান্ত্রিক দেশ হিসেবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা নিয়ে আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের মুখে সরাসরি উত্তর না দিয়ে মঈন বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
মধ্যবর্তী নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মঈন খান বলেন, কখন মধ্যবর্তী নির্বাচন দেবে, দেবে কি দেবে না তা সরকার বলতে পারে।
বৈঠকে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।


