গুম, খুন, মামলা আর পুলিশ দিয়ে সরকার ক্ষমতায় টিকে আছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার রাতে গুলশানে নিজ কার্যালয়ে কৃষকদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অভিযোগ করেন।
খালেদা জিয়া বলেন, সরকার গুম, খুন, মামলা, হামলা আর পুলিশ দিয়ে ক্ষমতায় টিকে আছে। এজন্য বলা হচ্ছে- ‘মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ’। বাহ! কী চমৎকার স্লোগান।
তিনি বলেন, সরকার বলছে- দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। অর্ধেক খাদ্য বিদেশ থেকে আমদানি করে কি স্বয়ংসম্পূর্ণ হওয়া যায়? তারা (সরকার) মিথ্যার ওপর টিকে আছে। এভাবে বেশী দিন ক্ষমতায় থাকা যায় না।
বিএনপি চেয়ারপারসন বলেন, ‘সারা বিশ্বে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যের জন্য আন্দোলন করেন। কিন্তু আমাদের দেশের কৃষকরা তা করেন না। কৃষকদের প্রতিবাদ করা শেখাতে হবে, তবে সেটা অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।’
কৃষকদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কৃষকদের দিয়েই ওয়ার্ড কমিটি গঠন করতে হবে। দ্রুত ওয়ার্ড থেকে শুরু করে জেলা কমিটি সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে কৃষকদেরকেই প্রাধান্য দিতে হবে।
খালেদা জিয়া বলেন, ছাত্রদল আর যুবদলের পরেই কৃষকদল। তাই কৃষকদলকে সুসংঠিত ও শক্তিশালী করতে হবে। কৃষকদের কাছে যেতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে।
কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান, কৃষকদলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।


